American Academy of Pediatrics (AAP)-এর স্ক্রিন টাইমের নির্দেশিকা
পরিবারদেরকে ডিভাইস ব্যবহারের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার জন্য, American Academy of Pediatrics (AAP) গবেষণার ওপর ভিত্তি করে কিছু নির্দেশিকা তৈরি করেছে। বাচ্চারা কী ধরনের মিডিয়া ব্যবহার করছে, কীভাবে এবং কেন করছে—সেই বিষয়ে পরিবারদেরকে ভাবতে বলে AAP। সেই সঙ্গে, বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে এই বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়।
বয়স অনুযায়ী স্ক্রিন টাইমের নির্দেশিকা
নিচের নির্দেশিকাটি ক্লিনিক্যাল এবং শিশু-বিকাশ সংক্রান্ত গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এগুলি হলো কিছু প্রাথমিক ধারণা। আপনারা নিজেদের সন্তানের প্রয়োজন অনুযায়ী এগুলি বদলে নিতে পারেন।
5 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য নির্দেশিকা:
2 বছরের কম বয়সীদের জন্য: গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভিডিও কল করা ছাড়া এই বয়সের শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখাই ভালো। এই বয়সে শিশুরা চারপাশের মানুষের সঙ্গে খেলাধুলা এবং সরাসরি যোগাযোগের মাধ্যমেই সবচেয়ে ভালো শিখতে পারে।
2–5 বছর বয়সী শিশুদের জন্য: এই বয়সে শিশুদের মধ্যে নতুন অভ্যাস গড়ে উঠতে শুরু করে, এর মধ্যে ডিজিটাল মিডিয়া ব্যবহারের অভ্যাসও অন্তর্ভুক্ত। মিডিয়া ব্যবহারের সীমা নির্ধারণ করলে খেলাধুলা, একসাথে পড়া এবং পরিবারের জন্য সময় সুরক্ষিত রাখা সহজ হয়। বাচ্চারা যা দেখছে তা যেন তাদের বয়সের উপযোগী হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা একসঙ্গে বসে দেখেন, যাতে স্ক্রিনের কন্টেন্ট নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। এই বয়সে শিশুদের তীব্র আবেগপ্রবণ হয়ে ওঠা স্বাভাবিক। বিভিন্ন কৌশল ব্যবহার করে শিশুদের সেই আবেগগুলি বুঝতে ও সামলাতে সাহায্য করলে, প্রথম থেকেই তাদের মধ্যে সুস্থ অভ্যাস গড়ে তোলা সহজ হয়।
6-12 বছর বয়সী শিশুদের জন্য নির্দেশিকা: এই বয়সে ঘুম, শারীরিক অ্যাক্টিভিটি, খেলাধুলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যাপ্ত সময় রাখা গুরুত্বপূর্ণ। শিক্ষামূলক ও মানসম্পন্ন কন্টেন্ট বেছে নিন এবং যেখানে সম্ভব অটোপ্লে ও ক্রমাগত স্ক্রোলিং বন্ধ করে রাখুন। অনেক বিশেষজ্ঞের পরামর্শ হলো, সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা ভাবার আগে 13 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা।
13–17 বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য নির্দেশিকা: অনেক পরিবার মনে করে যে, কিশোর-কিশোরীদের ধাপে ধাপে স্বাধীনতা দেওয়াই সবচেয়ে ভালো—শেখার সময় শুরুতে তাদের বেশি গাইডেন্স ও নজরদারিতে রাখা এবং দায়িত্বশীল ব্যবহার শিখলে স্বাধীনতা বাড়ানো।
বিশেষ করে কম বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তারা কতটা প্রস্তুত তা মূল্যায়ন করতে থাকুন। সেই সাথে ঘুম, পরিবার, শারীরিক অ্যাক্টিভিটি এবং সরাসরি যোগাযোগের জন্য প্রয়োজনীয় সময় সুরক্ষিত রাখুন।
অপেক্ষাকৃত স্বাধীন কিশোর-কিশোরীদের ক্ষেত্রে, ডিভাইসের ব্যবহার তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না, সেদিকে নজর রাখুন—যেমন: ঘুমের ব্যাঘাত, ডিভাইসের অনিয়ন্ত্রিত ব্যবহার, রেজাল্ট খারাপ হওয়া অথবা তার নিজের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ। পাশাপাশি তাদের এই বিষয়ে আলোচনা করা বজায় রাখুন, যাতে কিশোর-কিশোরীরা বুঝতে পারে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে তারা নির্দ্বিধায় আপনার কাছে আসতে পারে।
স্বাস্থ্যকর স্ক্রিন টাইম অভ্যাস গড়ে তোলার জন্য পরামর্শ
স্ক্রিন ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, American Academy of Pediatrics “5 C” বিবেচনা করার পরামর্শ দেয়:
Child (শিশু): সন্তানের বয়স, মেজাজ এবং বিকাশের পর্যায় বিবেচনা করুন। একই ধরনের বা একই সময় ধরে মিডিয়া ব্যবহার করার পর শিশুদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
Content (কন্টেন্ট): উত্তেজক বা হিংসাত্মক মিডিয়ার বদলে শিক্ষামূলক, বয়স-উপযোগী এবং ইতিবাচক কন্টেন্ট বেছে নিন।
Calm (শান্ত): মিডিয়া ব্যবহারের কারণে আপনার সন্তান নিজের আবেগ ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে কি না, তা ভেবে দেখুন।
Crowding out (অন্যান্য কাজের সময় নষ্ট হওয়া): স্ক্রিন টাইমের কারণে বাচ্চাদের ঘুম, শারীরিক অ্যাক্টিভিটি, হোমওয়ার্ক, বাইরে খেলাধুলা বা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানোর সময় নষ্ট হচ্ছে কি না, তা খেয়াল রাখুন। স্ক্রিন টাইমের বদলে এই কাজগুলির জন্য তাদের আরও বেশি সময় দিন।
যোগাযোগ: বাচ্চারা অনলাইনে কী দেখছে এবং কী করছে, তা নিয়ে তাদের সঙ্গে কথা বলুন। এর ফলে তারা যা দেখছে তা ভালোভাবে বুঝতে ও শিখতে পারবে।
পরিবারের মধ্যে স্বাস্থ্যকর স্ক্রিন টাইম অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে নিচের বিষয়গুলিও মনে রাখতে পারেন:
খাবার টেবিল বা শোয়ার ঘরের মতো কিছু নির্দিষ্ট জায়গা স্ক্রিন-মুক্ত রাখুন। এতে পরিবারের সবার সঙ্গে গল্প করার সুযোগ তৈরি হয় এবং বাচ্চারাও স্ক্রিন থেকে দূরে থাকতে পারে।
শিশুদের জন্য ঘুম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভালো ঘুমের জন্য AAP-এর পরামর্শ হলো, বেডরুমের বাইরে ডিভাইস চার্জ করা এবং ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ডিভাইস ব্যবহার বন্ধ করা।
বাচ্চারা প্রায়শই তাদের চারপাশের বড়দের দেখে শেখে। তাই আপনি নিজে যেভাবে ডিভাইস ব্যবহার করেন, তা তাদের অভ্যাস গড়ে তুলতেও সাহায্য করতে পারে।
AAP-এর রিসোর্স
ফ্যামিলি মিডিয়া প্ল্যান: AAP-এর একটি বিনামূল্যের টুলের সাহায্যে, আপনি এবং আপনার পরিবার ডিভাইস ব্যবহারের বিষয়ে নিজেদের সুবিধা অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করতে পারবেন। এর মধ্যে ডিভাইস-মুক্ত সময়, ঘুমানোর সময় এবং দৈনন্দিন রুটিন অন্তর্ভুক্ত। AAP ওয়েবসাইটে Family Media Plan (ফ্যামিলি মিডিয়া প্ল্যান) নিবন্ধটি দেখুন।
মিডিয়া ব্যবহারের 5 C: মিডিয়া ব্যবহারের “5 C” নিয়ে AAP বয়স অনুযায়ী নির্দেশিকা, পরামর্শ এবং রিসোর্স প্রদান করে। AAP ওয়েবসাইটে Kids & Screen Time: How to Use the 5 C’s of Media Guidance (শিশু ও স্ক্রিন টাইম: মিডিয়া ব্যবহারের “5 C” কীভাবে কাজে লাগাবেন?) নিবন্ধটি দেখুন।
শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং স্ক্রিন টাইম টুলকিট: পরিবারদের সুস্থ মিডিয়া অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার জন্য AAP বিভিন্ন রিসোর্স প্রদান করে। AAP ওয়েবসাইটে Early Childhood Development and Screen Time Toolkit (শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং স্ক্রিন টাইম টুলকিট) নিবন্ধটি দেখুন।
স্ক্রিন টাইমের নির্দেশিকা: কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়ায় কতটা সময় কাটানো উচিত—এমন সাধারণ প্রশ্নের উত্তর দিতে AAP প্রমাণ-ভিত্তিক নির্দেশিকা দিয়ে থাকে। AAP ওয়েবসাইটে Screen Time Guidelines (স্ক্রিন টাইম নির্দেশিকা) নিবন্ধটি দেখুন।